আরবি হরফে পতাকা টানানোর বিষয় খতিয়ে দেখছে সরকার: তথ্য উপদেষ্টা
আরবি হরফসংবলিত পতাকা টানানোর ঘটনা খতিয়ে দেখছে সরকার: তথ্য উপদেষ্টা
দেশের বিভিন্ন জেলায় আরবি হরফসংবলিত পতাকা টানানোর বিষয়টি সরকার গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এ ঘটনার পেছনে কোনো পরিকল্পিত উদ্দেশ্য রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
মঙ্গলবার (৩০ জুন) তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এক সাংবাদিক জানতে চান, দেশের বিভিন্ন স্থাপনায় আরবি হরফসংবলিত পতাকা কারা টানাচ্ছে, সরকার এ বিষয়ে অবগত কি না এবং কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না।
জবাবে তথ্য উপদেষ্টা বলেন, “এ বিষয়ে এখন খুব বিস্তারিত বলছি না। সরকার বিষয়টি খতিয়ে দেখছে। এটি কেন হচ্ছে, সেটিও আমরা যাচাই করছি। কারণ, কিছু ক্ষেত্রে এ ধরনের কর্মকাণ্ড থেকে ভুল বার্তা যাওয়ার সম্ভাবনা রয়েছে।”
তিনি আরও বলেন, সরকার বিষয়টি সম্পর্কে সচেতন রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে। ব্যক্তিগতভাবেও তিনি বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার নজরে এনেছেন বলে জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ বিষয়ে মতামত দিচ্ছেন। তবে যারা বিষয়টি নিয়ে লিখছেন, তারাই এ ঘটনার সঙ্গে জড়িত—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। তাই বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা প্রয়োজন।
তথ্য উপদেষ্টা বলেন, “যেহেতু বিষয়টি এত বিস্তৃতভাবে ঘটেছে, তাই এর পেছনে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কি না, সেটিও আমরা খতিয়ে দেখছি।”
