ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা
ইরানের পাভেহ শহরে গুলিতে নিহত বিপ্লবী গার্ডের দুই সদস্য
ইরানের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী শহর পাভেহতে বন্দুকধারীদের গুলিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর দুই সদস্য নিহত হয়েছেন। হামলায় আরও দুই সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সীমান্তঘেঁষা পাভেহ শহরে সশস্ত্র হামলাকারীরা একটি বাড়িতে প্রবেশ করে বিপ্লবী গার্ডের সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন।
তাৎক্ষণিকভাবে হামলার দায় কোনো ব্যক্তি বা সংগঠন স্বীকার করেনি। তবে ইরান অতীতে এ ধরনের হামলার জন্য কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে এসেছে।
ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষ্য অনুযায়ী, এটি একটি ‘সন্ত্রাসী হামলা’ এবং এতে আহত দুই সদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিরাপত্তা বাহিনী হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইরান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় কিছু কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিদেশি সমর্থন পেয়ে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে থাকে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
