হরমুজ প্রণালি অতিক্রম করেছে দক্ষিণ কোরিয়ার ২৪ জাহাজ

ইরানে মার্কিন-ইসরাইল হামলার পর হরমুজ প্রণালিতে আটকে পড়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ২৬টি জাহাজের মধ্যে মাত্র দুটি এখনও সেখানে রয়েছে। বাকি জাহাজগুলো নিরাপদে সমুদ্রপথ ত্যাগ করেছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং।

সরকারি তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারির সামরিক উত্তেজনার পর হরমুজ প্রণালিতে শত শত বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটে। এর ফলে প্রায় ৬০০টি জাহাজে থাকা আনুমানিক ১১ হাজার নাবিক বিভিন্ন সময় আটকা পড়েন।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানের মাধ্যমে গত সপ্তাহে প্রায় ১১৫টি জাহাজ এবং সেগুলোতে থাকা প্রায় ২ হাজার ৫০০ নাবিককে নিরাপদে প্রণালি থেকে বের করে আনা হয়।

তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় নিরাপত্তাজনিত কারণে উদ্ধার অভিযানটি সাময়িকভাবে স্থগিত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের অভিমত।

Next News Previous News