এবার ভারতের হাত কেটে দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। ভারতের পক্ষ থেকে নিজেদের অংশের পানি পুরোপুরি ব্যবহারের পরিকল্পনার কথা জানানো হলে পাকিস্তান কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক বলেন, পাকিস্তানের প্রাপ্য পানির ওপর কেউ হস্তক্ষেপ করলে তার কঠোর মূল্য দিতে হবে। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী দেশ পাকিস্তানে পানি প্রবাহ সীমিত করার চেষ্টা করছে।

মুসাদিক মালিক বলেন, পাকিস্তানের প্রায় অর্ধেক জনগণের জীবিকা কৃষিনির্ভর। তাই দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনীতির সঙ্গে জড়িত পানির অধিকার কোনোভাবেই খর্ব হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী উজানের দেশ ইচ্ছেমতো ভাটির দেশে পানি প্রবাহ বন্ধ করতে পারে না। তাছাড়া ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু নদ পানিবণ্টন চুক্তিও এখনো বিদ্যমান। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনেও তুলে ধরা হবে বলে জানান তিনি।

একই সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, সিন্ধু নদ চুক্তি আইনগতভাবে এখনো কার্যকর রয়েছে এবং কোনো দেশ একতরফাভাবে এটি বাতিল বা পরিবর্তন করতে পারে না।

তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের বক্তব্য পুনর্ব্যক্ত করে বলেন, সিন্ধু নদের পানি পাকিস্তানের জন্য ‘জীবনরেখা’ এবং এটি দেশটির জন্য একটি ‘রেড লাইন’।

উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সি আর পাতিল সম্প্রতি ঘোষণা দেন, আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে ভারতের অংশের সিন্ধু নদের সব পানি দেশের অভ্যন্তরেই ব্যবহারের সক্ষমতা তৈরি করা হবে। তার ওই বক্তব্যের পরই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

Next News Previous News