নেতানিয়াহুর জন্য যুদ্ধাস্ত্র কেনা উচিত হবে না: মার্কিন কংগ্রেসম্যান
ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের লক্ষ্যে কংগ্রেসে উত্থাপিত একটি সংশোধনী প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন টেক্সাস থেকে নির্বাচিত ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগ ক্যাসার। তিনি বলেছেন, মার্কিন করদাতাদের অর্থ দিয়ে ইসরায়েলের জন্য নতুন যুদ্ধাস্ত্র কেনা উচিত নয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে গ্রেগ ক্যাসার অভিযোগ করেন, ইসরায়েলি সরকার গাজায় গুরুতর যুদ্ধাপরাধ করেছে এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনায় যুক্তরাষ্ট্রকে আরও গভীরভাবে জড়িয়ে ফেলেছে। এসব কারণেই তিনি ইসরায়েলের প্রতি সামরিক সহায়তা বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন।
সংশোধনী প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে উত্থাপন করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসি। প্রস্তাবটি অনুমোদিত হলে ইসরায়েলের জন্য বরাদ্দ বার্ষিক ৩ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা বাতিল হবে। পাশাপাশি স্টেট ডিপার্টমেন্টের বাজেটে ইসরায়েলের জন্য নির্ধারিত বিশেষ তহবিলও প্রত্যাহার করা হবে।
জানা গেছে, চলতি সপ্তাহের শেষের দিকে মার্কিন প্রতিনিধি পরিষদে এ প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হতে পারে।
বিশ্লেষকদের মতে, ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের কিছু সদস্যের ভিন্নমত প্রকাশ বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে। তবে প্রস্তাবটি পাস হবে কি না, তা নির্ভর করবে কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটের ওপর।
