কাঁটাবনের ১৪ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল দুইজনের
কাঁটাবনের ১৪ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে, নিহত ২
রাজধানীর কাঁটাবনের ১৪ তলাবিশিষ্ট আল বারাকা টাওয়ারের আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনের ১২ ও ১৩ তলার দুটি ফ্ল্যাটে আগুন লাগার ঘটনায় দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহতরা হলেন মো. জনি (২৫) ও মো. আবদুস সালাম (১৯)। আগুন লাগার পর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আবদুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ভবনের ভেতরে বর্তমানে আর কেউ আটকে নেই এবং নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করা হবে।
