আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা অধ্যাপক আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। এর ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না।
মঙ্গলবার (৩০ জুন) সকাল পৌনে ১০টার দিকে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
মামলার নথি অনুযায়ী, ঋণখেলাপির অভিযোগের পর নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে গত ১৮ জানুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট ব্যাংক হাইকোর্টে রিট করলে তা খারিজ হয়। এরপর ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে। একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী।
গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল গ্রহণ করেন। একই সঙ্গে আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল প্রকাশে স্থগিতাদেশ দেওয়া হয়।
এর মধ্যে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হন। তবে আদালতের নির্দেশনার কারণে নির্বাচন কমিশন এখনো ওই আসনের চূড়ান্ত ফলাফল গেজেট আকারে প্রকাশ করেনি।
গত ১৫ জুন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে মামলার চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আদালত নিযুক্ত দুই অ্যামিকাস কিউরি—সিনিয়র আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী ও প্রবীর নিয়োগী আদালতকে সহায়তা করেন। সব পক্ষের শুনানি শেষে আদালত ৩০ জুন রায় ঘোষণার দিন ধার্য করেন।
আজ ঘোষিত রায়ে আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করায় তার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার আইনগত সুযোগ আর থাকছে না।
