হরমুজে জাহাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইরান
চুক্তি লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইআরজিসির
এখন থেকে চুক্তি লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে আগের তুলনায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালিতে চলাচল সংক্রান্ত অন্তর্বর্তী চুক্তির শর্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে অবস্থান
বিবৃতিতে আইআরজিসি আবারও দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অন্তর্বর্তী চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব তেহরানের হাতে রয়েছে।
তাদের ভাষ্য, চুক্তির নিয়ম অমান্য করে চলাচলকারী জাহাজগুলোর বিরুদ্ধে এখন থেকে অতীতের তুলনায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি
আইআরজিসি বলেছে, গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র যেভাবে হামলা চালিয়েছে, ভবিষ্যতে যেকোনো অজুহাতে একই ধরনের আগ্রাসন চালানো হলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘন করা সমঝোতা স্মারকের (এমওইউ) পরিপন্থী। এমনটি ঘটলে চলমান সব কূটনৈতিক ও সমঝোতা প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে বলেও সতর্ক করেছে আইআরজিসি।
