ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, ১ লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা!

ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক প্রাণহানির আশঙ্কা

ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক প্রাণহানির আশঙ্কা

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় সংঘটিত এ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।

প্রথম কম্পনের মাত্র ৩৯ সেকেন্ড পর দ্বিতীয় এবং আরও শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএসের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, এ ভূমিকম্পের ফলে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, ১০ হাজারের বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা উল্লেখযোগ্য। একই সঙ্গে ১ লাখের বেশি মানুষের প্রাণহানির ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এসব সংখ্যা সম্ভাব্য ঝুঁকির হিসাব, চূড়ান্ত হতাহতের সংখ্যা নয়।

রাজধানী কারাকাসসহ আশপাশের এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। বিভিন্ন স্থানে ভবন ক্ষতিগ্রস্ত ও ধসে পড়ার খবর পাওয়া গেছে। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহেও বিঘ্ন ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে জরুরি তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার কাজও শুরু হয়েছে।

এখনও পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। তবে পরবর্তী আফটারশকের আশঙ্কায় জনগণকে সতর্ক থাকতে এবং ক্ষতিগ্রস্ত ভবন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো।

Next News Previous News