জনগণের দাবিতে বেড়েছে জ্বালানি তেলের দাম: রিজভী
জনগণের দাবিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি: রিজভী
রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের দাবির প্রেক্ষিতেই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। তিনি আরও বলেন, জ্বালানি তেল ও গ্যাস খাতে যেন কোনো সিন্ডিকেট গড়ে উঠতে না পারে, তা নিশ্চিত করা হবে।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “জনগণের কাছ থেকে ডিমান্ড এসেছে, তখনই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।”
তিনি আরও প্রশ্ন তোলেন, গুমের ঘটনায় জড়িত অনেকেই দেশে থাকা সত্ত্বেও কেন তাদের রিমান্ডে নেওয়া হচ্ছে না। তার দাবি, অপরাধীদের রিমান্ডে নিলে গুম হওয়া নেতাদের সন্ধান পাওয়া সম্ভব।
এছাড়া গুম সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আইনে অনেক ফাঁকফোকর রয়েছে, যা সংশোধন করে আরও কার্যকর ও মানবিক আইন প্রণয়ন করা প্রয়োজন।
