আমরা জুলাই সনদের প্রত্যেকটা দফাকেই সম্মান করি : পার্থ

সারাদেশ > ভোলা

আমরা জুলাই সনদের প্রত্যেকটা দফাকেই সম্মান করি : পার্থ

জেলা প্রতিনিধি | ভোলা | ১২ এপ্রিল ২০২৬, ১৯:৩৬

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, জুলাই সনদকে নিয়ে বিরোধী দল এমনভাবে উপস্থাপন করছে, যা সরকার ও বিরোধী দলকে মুখোমুখি অবস্থানে নিয়ে যাচ্ছে।

“আমরা জুলাই সনদকে মানি, তার প্রত্যেকটা দফাকেই সম্মান করি।”

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোলা শহরের উকিল পাড়ায় শান্ত নীড় প্রাঙ্গণে তার বাবা সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জুরের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পার্থ বলেন, তিনি আগেও বলেছেন যে জুলাই সনদকে অত্যন্ত সম্মান করেন এবং জুলাই সনদ ও সংবিধান—উভয়কেই সম্মান করবেন।

“জুলাই সনদ নিয়ে বিরোধী দল শুধু শুধু বিভ্রান্তি সৃষ্টি করছে যে আমরা এটা মানি না, মানবো না বা প্রতারণা করছি। প্রতারণা শব্দটি অনেক শক্তিশালী; এখান থেকে বিরোধী দলকে বেরিয়ে আসা উচিত।”

অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মরহুম নাজিউর রহমান মঞ্জুরের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Next News Previous News