আলোচনা থেকে সরে দাঁড়াল ইরান! নতুন করে সংকটের শঙ্কা
ইসলামাবাদে আলোচনায় যাবে না ইরান: মুখপাত্র ইসমাইল বাঘাই
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেবে না তেহরান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে না এবং এর ফল কখনোই ইতিবাচক হবে না।
মুখপাত্র জানান, ইরান আগে ১০ দফা প্রস্তাব দিয়েছিল, যা ইসলামাবাদে আলোচিত হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার আগে হরমুজ প্রণালি নিরাপদ ছিল বলে তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপ করেছে এবং একটি ইরানি জাহাজে হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক আইন ও যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।
বাঘাই বলেন, পাকিস্তানের মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরান তাদের অবস্থান স্পষ্ট করেছে, কিন্তু যুক্তরাষ্ট্র সেই অবস্থান যথাযথভাবে বিবেচনা করেনি।
বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় কূটনৈতিক সমাধান আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
