স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বক্তব্যে আইনগত অসঙ্গতি রয়েছে: শিশির মনির

সর্বশেষ | জাতীয় | রাজনীতি | বাণিজ্য | সারা দেশ | বিশ্ব | খেলা | ধর্ম ও ইসলাম | বিনোদন | নির্বাচন ২০২৬ | ফিচার
রাজনীতি > জামায়াত

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বক্তব্যে আইনগত অসঙ্গতি রয়েছে: শিশির মনির

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ২২:০৩

অধ্যাদেশ বাতিল বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বক্তব্যে আইনগত অসঙ্গতি রয়েছে বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির

তিনি বলেন, গুম ও মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের যে ব্যাখ্যা সরকার দিয়েছে, তা আইনগতভাবে সঠিক নয়।

সোমবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, গুম অধ্যাদেশে গুমের সংজ্ঞা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের সংজ্ঞা একই— সরকারের এই বক্তব্য আইনগতভাবে সঠিক নয়।

তিনি ব্যাখ্যা করে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে গুম ‘ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটি’-এর অংশ, যা বিচারযোগ্য হতে হলে ব্যাপক ও পদ্ধতিগত হতে হয়।

কিন্তু কোনো ব্যক্তিকে আলাদাভাবে গুম করার ঘটনা সেই আইনের আওতায় পড়ে না। ফলে গুম অধ্যাদেশ ও ট্রাইব্যুনাল আইনের সংজ্ঞা এক নয়।

মানবাধিকার কমিশন আইনে তদন্ত, সময়সীমা ও ক্ষতিপূরণের বিষয়ে কোনো বিধান নেই— সরকারের এমন বক্তব্যও সঠিক নয় বলে দাবি করেন তিনি।

সংশ্লিষ্ট ধারায় ৩০ দিনের সময়সীমা, তদন্ত প্রক্রিয়া এবং ক্ষতিপূরণ আদায়ের বিষয় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

গণভোট অধ্যাদেশ প্রসঙ্গে তিনি বলেন, সরকার নিজেই একে ‘ফ্যাক্টাম ভ্যালিড’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। সে ক্ষেত্রে এটি বাস্তবায়নের দায়িত্বও সরকারের ওপর বর্তায়।

বিচারকদের শোকজ নোটিশ বিষয়ে তিনি বলেন, যে আইনের আওতায় নোটিশ দেওয়া হয়েছে, সেটি ইতোমধ্যে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেছে।

ফলে সেই আইনের ভিত্তিতে শোকজ করা আইনগতভাবে অগ্রহণযোগ্য

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি বলেন, গুরুত্বপূর্ণ সংস্কার বিষয়গুলো ল্যাপস বা বাতিল করায় জনগণের প্রত্যাশা ক্ষুণ্ন হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশে নতুন ধারা সংযোজনের মাধ্যমে আগের মালিকদের কাছে ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

Next News Previous News