সরকারের সিদ্ধান্তেই ইন্টারনেট সেবা বন্ধ ছিল
সরকারের সিদ্ধান্তেই ইন্টারনেট সেবা বন্ধ ছিল
জুলাই গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছেলে আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে তৃতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন ইমদাদুল হক মোল্লা।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দেওয়া জবানবন্দিতে তিনি জানান, তিনি একজন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং অন্টিমেক্স কমিউনিকেশন লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক। ২০২৩ থেকে ২০২৫ সালের মে পর্যন্ত তিনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বলেন, ইন্টারনেট সেবা প্রদানের ক্ষেত্রে তাদের প্রতিষ্ঠান শেষ স্তরে কাজ করে। এর উপরে আইআইজি, সাবমেরিন ক্যাবল কোম্পানি এবং আইটিসি রয়েছে। আইআইজির সঙ্গে যোগাযোগ করে তারা জানতে পারেন যে আইটিসি থেকে ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ রয়েছে।
জবানবন্দিতে তিনি আরও বলেন, ২০২৪ সালের ২৩ জুলাই তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা ভবন পরিদর্শনে আসেন। সেখানে উপস্থিত সবাই তাকে ইন্টারনেট সেবা চালুর অনুরোধ জানান।
তিনি বলেন, প্রতিমন্ত্রী তখন দাবি করেন ডাটা সেন্টারে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ রয়েছে। তবে সাক্ষীর ভাষ্য অনুযায়ী এটি ছিল রাজনৈতিক বক্তব্য, কারণ আগুন ভবনের বাইরে কিছু ফাইবার অপটিক ক্যাবলে লেগেছিল, ডাটা সেন্টারে নয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলার বিচার চলছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।
