স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি হতে দেবো না : নাহিদ
স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি হতে দেবো না : নাহিদ
বরিশাল, বরিশাল অফিস: জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন এনসিপির আহবায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।
ইফতার মাহফিলে বক্তব্য
রোববার বরিশালে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভোট কারচুপি, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। ১২ তারিখের অধিবেশনে সংস্কার পরিষদ গঠিত না হলে, সংস্কারের উদ্যোগ নেওয়া না হলে নিজেদের অধিকার রক্ষার জন্য আবারও রাস্তায় নামতে হবে।”
তিনি বাংলাদেশ ব্যাংকে মব তৈরি করে দখলের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন। নাসীরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা জানিয়ে তিনি একে ‘আওয়ামী স্টাইল’ বলে অভিহিত করেন। নাহিদ ইসলাম আরও বলেন, নাসীরুদ্দীন পাটোয়ারী, সারজিস আলমসহ কয়েকজন প্রার্থী এবং ১১ দলীয় জোটের কয়েকজন এমপি প্রার্থীকে বিভিন্নভাবে হারিয়ে দেওয়া হয়েছে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের তরুণ ও নাগরিকরা হ্যাঁ ভোট দিয়েছে এবং সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। তবে সংস্কার কার্যকর না করার নানা ফন্দি চলছে।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা
ইফতার মাহফিলে এনসিপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জেলা আহ্বায়ক আবু সাইদ মুশা, সদস্য সচিব আবু সাইদ ফেরদৌস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট আলী আকবর তালুকদার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবেদ আহম্মেদ রনি এবং মহানগর নেতা মিজানুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
Source: আমার দেশ অনলাইন
