ফেব্রুয়ারিতে ডিএমপির সেরা তেজগাঁও বিভাগ, শ্রেষ্ঠ থানা মোহাম্মদপুর
ঢাকা মহানগরে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ইউনিট ও কর্মকর্তাকে পুরস্কৃত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা দেওয়া হয়।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সেরা বিভাগ ও থানা
ফেব্রুয়ারি মাসে ডিএমপির অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে তেজগাঁও বিভাগ। অন্যদিকে ঢাকা মহানগরের ৫০টি থানার মধ্যে সেরা নির্বাচিত হয়েছে মোহাম্মদপুর থানা।
কর্মকর্তাদের মধ্যে যারা শ্রেষ্ঠ
পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শামীম হোসেন।
উপ-পরিদর্শক (এসআই) ক্যাটাগরিতে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন গেন্ডারিয়া থানার এসআই মো. রাকিবুল ইসলাম রাজিব এবং মোহাম্মদপুর থানার এসআই মো. জসিম।
সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন মোহাম্মদপুর থানার এএসআই মো. রকিবুল হাসান এবং গুলশান থানার এএসআই মো. সুমন ইসলাম।
গোয়েন্দা ও ট্রাফিক বিভাগে পুরস্কার
গোয়েন্দা কার্যক্রমে বিশেষ পারদর্শিতা দেখানোয় ডিবির মধ্যে শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত হয়েছে ডিবি-মতিঝিল বিভাগ। একই বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইন শ্রেষ্ঠ টিম লিডারের স্বীকৃতি পেয়েছেন।
ট্রাফিক ব্যবস্থাপনায় সাফল্যের জন্য ট্রাফিক-মিরপুর বিভাগ শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট নির্বাচিত হয়েছে। পল্লবী ট্রাফিক জোনের সার্জেন্ট মো. আল ফরহাদ মোল্লা এবং মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট রাসেল আলম যৌথভাবে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্টের পুরস্কার গ্রহণ করেন।
অপরাধ পর্যালোচনা সভা
যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপি সূত্রে জানা গেছে, অপরাধ দমন ও জনসেবায় বিশেষ অবদান রাখা কর্মকর্তাদের উৎসাহিত করতেই প্রতি মাসে এ ধরনের সম্মাননা প্রদান করা হয়। সভায় ফেব্রুয়ারি মাসের অপরাধ পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
