হরমুজে মাইন পাতছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি

হরমুজ প্রণালীতে ইরানের মাইন পাতা জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পরপরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এতে বৈশ্বিক তেল ও গ্যাসের বাজারে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গুরুত্বপূর্ণ জলপথটি দখলে নেওয়ার কথা বলেছেন।

তবে ইরান সেখানে শক্ত অবস্থান ধরে রেখেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাহাজ চলাচলে বাধা দিতে প্রণালীতে মাইন পেতে রাখছে তেহরান।

১৬টি মাইন পাতা জাহাজ ধ্বংসের দাবি

মঙ্গলবার (১০ মার্চ) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে ইরানের ১৬টি মাইন পাতা জাহাজ ধ্বংস করেছে মার্কিন সেনাবাহিনী।

একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি প্রণালীতে কোনো মাইন পেতে থাকে, তাহলে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।

ট্রাম্পের হুঁশিয়ারি

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ১০টি নিষ্ক্রিয় মাইন বসানোর জাহাজ সম্পূর্ণ ধ্বংস করেছে।

এই বিষয়ে তিনি সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে লেখেন, ‘যদি ইরান হরমুজ প্রণালীতে কোনো মাইন বসিয়ে থাকে—যদিও আমাদের কাছে এখনো নিশ্চিত তথ্য নেই—তাহলে আমরা চাই সেগুলো অবিলম্বে সরিয়ে নেওয়া হোক।’

তিনি আরও বলেন, তেহরান যদি তা না করে, তাহলে তাদের সামরিক পরিণতির মুখে পড়তে হবে। তবে সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

পেন্টাগনের বক্তব্য

এদিকে পেন্টাগন জানিয়েছে, তারা ইরানের মাইন বসানোর জাহাজ এবং মাইন সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের চলমান সংঘাতের কারণে ইতোমধ্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

উল্লেখ্য, ইরানের উপকূলঘেঁষা এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে সাধারণত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়।

Next News Previous News