তাজুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এক প্রসিকিউটরের

ট্রাইব্যুনালে দুর্নীতির অভিযোগ

ট্রাইব্যুনালে দুর্নীতির অভিযোগ, অস্বীকার তাজুল ও তামীমের

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে বিদায়ের দিনে মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের গুরুতর অভিযোগ তুলেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ। তার দাবি, চিফ প্রসিকিউটরের চেয়ারকে ‘টাকা কামানোর হাতিয়ার’ বানিয়েছিল তাজুল ইসলামের নেতৃত্বাধীন একটি সিন্ডিকেট।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) কাজী মোস্তাফিজুর রহমান আহাদ নামের একটি ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টের মন্তব্য ঘরে এসব অভিযোগ আনেন প্রসিকিউটর সুলতান মাহমুদ। সেখানে তাজুল ইসলাম ছাড়াও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীমের বিরুদ্ধেও অভিযোগ তোলেন তিনি।

তিনি দাবি করেন, আশুলিয়ার লাশ পোড়ানো মামলার এক আসামির স্ত্রী ভারী একটি ব্যাগ নিয়ে প্রসিকিউটর তামীমের কক্ষে প্রবেশ করেন। বিষয়টি তিনি তাজুল ইসলামকে জানিয়েছিলেন বলেও উল্লেখ করেন। তবে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

পরে ওই আসামিকে ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) করা হয় এবং বিচারে তাকে খালাস দেওয়া হয় বলেও দাবি করেন সুলতান মাহমুদ।

এছাড়া চানখাঁরপুল ও রংপুরের মামলাসহ আরও কয়েকটি মামলায় রাজসাক্ষী করার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

অভিযোগ অস্বীকার

চিফ প্রসিকিউটর পদে নিয়োগ বাতিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাজুল ইসলাম। অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই জাতীয় অভিযোগ আমরা তদন্ত করে দেখেছি, এগুলো সম্পূর্ণভাবে মিথ্যা।”

তিনি আরও বলেন, “ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার জন্য যদি কেউ এই ধরনের কথা বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ছিল।”

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীমও তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

Next News Previous News