প্রধানমন্ত্রীকে স্বপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের
জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে দাওয়াত
আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান-কে সপরিবারে দাওয়াত দেওয়া হয়েছে।
বুধবার সকালে সচিবালয়ে গিয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ দাওয়াত দেন।
সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়
পরে প্রেস ব্রিফিংয়ে গোলাম পরওয়ার জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ইফতারের আমন্ত্রণ জানাতেই তারা সচিবালয়ে গিয়েছিলেন। এ সময় কুশল বিনিময় ও পারস্পরিক আলোচনা হয়।
আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান-এর অসুস্থতার খবর শুনে প্রধানমন্ত্রী ফোনে তার সঙ্গে কথা বলেন। দলীয় আমির টেলিফোনে প্রধানমন্ত্রীকে তার স্ত্রী জায়মা রহমান ও সন্তানদেরসহ স্বপরিবারে অনুষ্ঠানে যোগ দেওয়ার বিশেষ অনুরোধ জানান।
গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী দাওয়াত কবুল করেছেন এবং উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন।
প্রথম অফিসিয়াল সাক্ষাৎ
সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটি ছিল জামায়াতের প্রথম অফিসিয়াল সাক্ষাৎ। দেশ পরিচালনায় জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।
সংসদকেন্দ্রিক রাজনীতির আহ্বান
গোলাম পরওয়ার বলেন, আগের ‘ব্যাড প্র্যাকটিস’ যেন না থাকে, সরকারি দল ও বিরোধীদলের মধ্যে সমন্বয় ও সংহতি বজায় থাকে—সে বিষয়ে আলোচনা হয়েছে। রাজনীতির সকল বিতর্ক সংসদেই হোক এবং পার্লামেন্টারি ডেমোক্রেসির চর্চা জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই সনদ পূর্ণ বাস্তবায়ন হলে ডেপুটি স্পিকার, দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্টসহ অন্যান্য বিষয় স্পষ্ট করা যাবে।
সাক্ষাৎ ও প্রেস ব্রিফিংকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম উপস্থিত ছিলেন।
