মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে কী ঘটেছিল, জানালেন গয়েশ্বর রায়
মন্ত্রী হওয়ার আগ্রহ নেই, সংসদ সদস্য হিসেবেই কাজ করতে চাই: গয়েশ্বর চন্দ্র রায়
শপথ অনুষ্ঠানের ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মুখ খুলেছেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মন্ত্রী হওয়ার কোনো আগ্রহ তার নেই; সংসদ সদস্য হিসেবেই জনগণের কথা সংসদে তুলে ধরতে চান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে কেরানীগঞ্জে কর্মরত সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তার বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
যা বললেন গয়েশ্বর
তিনি বলেন, “মন্ত্রিসভায় ডাক পেলে আমি আগেই জানতে পারতাম। সিনিয়র নেতা হিসেবে আমাকে সামনের সারিতে বসার আসন দেওয়া হয়। কিন্তু এক কর্মকর্তা না জেনে মন্ত্রী ছাড়া সবাইকে আসন ছেড়ে চলে যেতে বলেন। এমনকি না গেলে এসএসএফ ডেকে ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন।”
তিনি আরও বলেন, “এই পরিস্থিতিতে আমি অনুষ্ঠানস্থল ত্যাগ করি। চলে আসার সময় অনেকে থাকতে অনুরোধ করলে আমি কিছুটা রাগ দেখাই। সেটিই গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।”
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি মন্ত্রিত্ব নিতে চাই না। সংসদ সদস্য হয়ে জনগণের কথা বলতে চাই।”
