ঈদ ২০২৬-এ আসছে শাকিব খানের নতুন সিনেমা, নব্বইয়ের ঢাকাকে ঘিরে রোমাঞ্চকর গল্প
ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান ২০২৬ সালের ঈদুল ফিতরের জন্য একটি নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন। এই সিনেমার প্রযোজনার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রজগতে পা রাখছেন শিরিন সুলতানা। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ ল্যান্ড’-এর ব্যানারে নির্মিতব্য এ সিনেমার পরিচালনায় থাকছেন আবু হায়াত মাহমুদ।
গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, সহযোগিতায় ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। যদিও সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে আনুষ্ঠানিক চুক্তিসহ প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
সিনেমার শুটিং শুরু হওয়ার আগেই প্রযোজক শিরিন সুলতানা সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে। জানা গেছে, নতুন প্রযোজকদের প্রশাসনিক ও বাস্তব জটিলতা নিরসনের লক্ষ্যেই এই সৌজন্য সাক্ষাৎ। এ সময় পাইরেসি, নিরাপত্তা ও মুক্তি প্রক্রিয়ার সম্ভাব্য বাধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপদেষ্টা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সিনেমার গল্পে উঠে আসবে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের কিছু রহস্যময় অধ্যায়, যা নিয়ে নানা জনশ্রুতি প্রচলিত রয়েছে। এই সিনেমায় সেই সময়কার অজানা দিকগুলোর কিছু চিত্র ফুটে উঠবে বলে জানানো হয়েছে।
পরিচালক আবু হায়াত মাহমুদ এক ভিডিও বার্তায় বলেন, “বাংলাদেশের প্রত্যেকটা পরিচালকের কাছেই কাঙ্ক্ষিত থাকে যে আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা করার। আমি মনে করি যে, এখন পর্যন্ত আমি অবশ্যই অনেক বেশি লাকি। উনার মতো এতো বড় শিল্পীর সাথে আমি আমার প্রথম সিনেমা নিয়ে আসার পথচলা শুরু করেছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন কাজটি সুন্দর ভাবে করতে পারি।”
প্রযোজক শিরিন সুলতানাও নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, “মেগাস্টার শাকিব খানকে নিয়ে প্রথম আমার ছবি। প্রযোজক হিসেবে এই প্রথম ইন্ডাস্ট্রিতে আসছি, আমার অনুভূতি খুবই চমৎকার যে শাকিব খানকে নিয়ে ছবিটা আমি করতে পারছি।”
তিনি আরও বলেন, “আসলে শাকিব খান এজন্যই যে, আমরা মনে করি যে শাকিব খান মানেই ছবি-সিনেমা হিট। অবশ্যই উনার যথেষ্ট সাধনা, যথেষ্ট প্রচেষ্টায় আজকে এ জায়গায় এসেছেন।”
গল্পের চরিত্রের সাথে শাকিব খান একদম মানানসই বলেও জানান এই নতুন প্রযোজক। তাঁর ভাষায়, “আসলে আমাদের যে গল্প সে গল্পের সাথে শাকিব খানকে একদম ভালো যাচ্ছে… বুঝতেই পারছেন শাকিব খানের সঙ্গে ছবি করার আগ্রহ সবারই থাকে।”
সর্বশেষ খবর: সিনেমার আনুষ্ঠানিক নাম ও অন্যান্য শিল্পীদের নাম শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে প্রস্তুতি চলছে সিনেমার শুটিং লোকেশন, কস্টিউম ও প্রি-প্রোডাকশন কাজ নিয়ে।
নবীন প্রযোজক, অভিজ্ঞ পরিচালক এবং সুপারস্টার শাকিব খান—এই ত্রিমাত্রিক সমন্বয় কতটা জমজমাট একটি ঈদ সিনেমা উপহার দিতে পারে, সেটিই এখন দেখার বিষয়।
আপনার কী মনে হয়, নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ে সিনেমা দর্শকদের নতুন কিছু দেখাতে পারবে? কমেন্টে জানাতে ভুলবেন না।
