হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ

শেখ হাসিনাকে নিয়ে কঠোর অবস্থানের কথা জানালেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নিয়ে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি।

সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম দাবি করেন, শেখ হাসিনা যদি ডিসেম্বরে দেশে ফেরেন, তাহলে বিমানবন্দর থেকেই তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করা হলে তা রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করলে মাঠের রাজনৈতিক পরিস্থিতিতেই তার প্রতিক্রিয়া দেখা যাবে।

বক্তব্যে নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রসঙ্গও তুলে ধরেন এবং তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন।

Next News Previous News