মার্কিন হেলিকপ্টার আরব সাগরে জরুরি অবতরণ, ক্রু নিখোঁজ

আরব সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি এমএইচ-৬০এস সি হক হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় হেলিকপ্টারটির চারজন ক্রুর মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন।

বুধবার (১ জুলাই) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড (ন্যাভসেন্ট) এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ (সিভিএন-৭৭) বিমানবাহী রণতরীতে নিয়োজিত এমএইচ-৬০এস সি হক হেলিকপ্টারটি আরব সাগরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

ন্যাভসেন্ট জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটির সঙ্গে শত্রুপক্ষের কোনো হামলা বা আক্রমণের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।

উদ্ধার হওয়া তিনজন ক্রুকে দ্রুত ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ রণতরীতে নেওয়া হয়েছে। তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

এদিকে নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে আরব সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিভিন্ন ইউনিট ব্যাপক তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে বলে ন্যাভসেন্ট জানিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জরুরি অবতরণের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

Next News Previous News