কাতারের এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না: ট্রাম্প
কাতারের উপহার দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে প্রথম যাত্রা ট্রাম্পের, বললেন ‘এমন বিমান যুক্তরাষ্ট্রও বানাতে পারত না’
কাতার সরকারের উপহার হিসেবে পাওয়া নতুন বিলাসবহুল বোয়িং উড়োজাহাজে প্রথমবারের মতো সফর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে উড়োজাহাজটি ‘এয়ার ফোর্স ওয়ান’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রথম যাত্রার অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে ট্রাম্প বলেন, এমন একটি উড়োজাহাজ যুক্তরাষ্ট্র নিজেও তৈরি করতে পারত না।
বুধবার (১ জুলাই) উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদযাপন অনুষ্ঠানে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এটি আমার প্রথম যাত্রা এবং আমি সত্যিই খুবই উচ্ছ্বসিত।”
প্রায় ৪০ কোটি মার্কিন ডলার মূল্যের এই বোয়িং উড়োজাহাজটি কাতার সরকার কোনো শর্ত ছাড়াই যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েছে। তবে এই উপহার গ্রহণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে আইনি, নৈতিক এবং জাতীয় নিরাপত্তা–সংক্রান্ত নানা প্রশ্ন ও বিতর্ক সৃষ্টি হয়েছে।
ট্রাম্প জানান, উড়োজাহাজটির অভ্যন্তরীণ সাজসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তি তাকে মুগ্ধ করেছে। তার ভাষায়, এটি একজন প্রেসিডেন্টের উপযোগী করে সাজানো হয়েছে এবং প্রযুক্তিগত দিক থেকেও অসাধারণ।
তিনি আরও বলেন, বোয়িং কোম্পানির প্রধান নির্বাহী তাকে জানিয়েছিলেন, এটি কাতারের অন্যতম সেরা উড়োজাহাজ। পরে তিনি সাময়িক ব্যবহারের অনুমতি চাইলে কাতারের আমির সেটি সম্পূর্ণ উপহার হিসেবেই যুক্তরাষ্ট্রকে দিয়ে দেন।
উড়োজাহাজটির বাইরের অংশ সাদা, লাল ও গাঢ় নীল রঙে রাঙানো হয়েছে। ভেতরে রয়েছে সমতল করে শোয়ার উপযোগী চামড়ার আসন, প্রেসিডেন্টের প্রতীকযুক্ত নিরাপত্তা বেল্ট, হালকা বাদামি রঙের অভ্যন্তরীণ নকশা, কার্পেট এবং সোনালি আলোর ব্যবস্থা।
বুধবারের যাত্রায় সাংবাদিকদের জন্য হ্যাম ও পনিরের ক্রোয়াসাঁ, সবুজ সালাদ এবং ফল পরিবেশন করা হয়। খাবার পরিবেশন করা হয় প্রেসিডেন্টের সরকারি প্রতীকখচিত সাদা-সোনালি পাত্রে।
জানা গেছে, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ করার পর উড়োজাহাজটি তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে দান করার পরিকল্পনা করেছিলেন। পরে এটি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ১৯৯০ সাল থেকে ব্যবহৃত পুরোনো এয়ার ফোর্স ওয়ান (বোয়িং ৭৪৭-২০০) বদলে নতুন ভিসি-২৫বি উড়োজাহাজ তৈরির কাজ চলছে, যা সম্পন্ন হতে আরও প্রায় দুই বছর লাগবে। এই সময়ের ব্যবধান পূরণে কাতারের উপহার দেওয়া বোয়িং ৭৪৭-৮০০ উড়োজাহাজটিও ব্যবহৃত হবে।
ট্রাম্প বলেন, “এ ধরনের উড়োজাহাজ আগে কখনো দেখা যায়নি। সত্যি বলতে, এত অর্থ ব্যয় করে আমরাও এমন বিমান তৈরি করতে চাইতাম না। কিন্তু কাতার সর্বোচ্চ মানের একটি উড়োজাহাজ তৈরি করেছে।”
