খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

>

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলি হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান সফরের প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্যও ইরান সফরে যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এনসিপি সূত্র জানিয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ইতোমধ্যে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন। তবে এখনো ভিসা না পাওয়ায় বিমানের টিকিট কাটা হয়নি। ফলে তার সফরের নির্দিষ্ট তারিখ ও ফ্লাইটের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

দলীয় সূত্রের ভাষ্য, ইরানের রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। ভিসা হাতে পেলেই সফরের সময়সূচি নির্ধারণ করা হবে।

এদিকে একই অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্যেরও ইরান সফরের প্রস্তুতি চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক নেতা জানান, ইরানের প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতেই এই সফরের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মতে, এই সফর বাংলাদেশ ও ইরানের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে সহায়ক হতে পারে। একই সঙ্গে এনসিপির পক্ষ থেকেও দেশটির সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Next News Previous News