হাসিনার গণহত্যার সহযোগী ইনুর রায় আজ
আজ ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায়
জুলাই গণঅভ্যুত্থানের সময় সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডসহ কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মঞ্জুরুল বাছিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, রায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
গত ২২ জুন ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে। এর আগে ১৪ মে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক হিসেবে তৎকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তিনি দাবি করেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইনুর কথোপকথনে কারফিউ জারি এবং আন্দোলনকারীদের ‘জঙ্গি’ আখ্যা দিয়ে দমন করার বিষয়ে পরামর্শের বিষয় উঠে এসেছে।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য এবং সংশ্লিষ্ট কথোপকথনের ভিডিও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, এসব তথ্য-প্রমাণে ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা তার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন।
অন্যদিকে, ইনুর পক্ষে তার আইনজীবী মুনসুরুল হক চৌধুরী টানা নয় কার্যদিবস ধরে যুক্তিতর্ক উপস্থাপন করেন। এরপর রাষ্ট্রপক্ষ তাদের চূড়ান্ত যুক্তি তুলে ধরে।
মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় গত বছরের ১ ডিসেম্বর এবং শেষ হয় ১০ মার্চ। মোট ১০ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। এর আগে গত ২ নভেম্বর ট্রাইব্যুনাল হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আটটি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর আদেশ দেন।
