রাতে বাসায় ঢোকার সময় দেখি দুইজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে
প্রার্থীদের বাসার ঠিকানা প্রকাশ নিয়ে উদ্বেগ জানালেন এনসিপি নেত্রী মিতু
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রার্থীদের পূর্ণাঙ্গ বাসার ঠিকানা প্রকাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ব্যক্তিগত ঠিকানা প্রকাশের কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
শুক্রবার (১ মে) নিজের ফেসবুক পোস্টে মিতু লেখেন, একজন প্রার্থীর বাসার পূর্ণ ঠিকানা এভাবে উন্মুক্ত করে দেওয়া কতটা যৌক্তিক। তিনি জানান, কেউ তার বাসার নিচে এসে কল দিয়েছেন এবং নির্বাচন কমিশনের প্রকাশিত ঠিকানা ব্যবহার করে বাসার সামনে দাঁড়িয়ে যোগাযোগ করেছেন।
তিনি আরও বলেন, প্রথমবার মনোনয়ন নেওয়ার সময়ও বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। তখন জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, এটি নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম্যাট।
মিতুর ভাষায়, তার বাসায় সন্তান ও মা থাকেন এবং তিনি নিজেও অধিকাংশ সময় বাইরে থাকেন। এই পরিস্থিতিতে ঠিকানা প্রকাশ হওয়ায় তিনি ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি দাবি করেন, তাকে ইতোমধ্যে ২০ থেকে ২৫ বার বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, এটি সিম্প্যাথি নেওয়ার জন্য নয়, বরং বাসার ঠিকানা ব্যক্তিগত তথ্য হিসেবে থাকা উচিত এবং এভাবে প্রকাশ করা ঠিক নয়।
তিনি আরও জানান, এক রাতে বাসায় ফেরার সময় দুইজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল, যা তার মধ্যে মানসিক অস্থিরতা তৈরি করে।
মিতু বলেন, এমন দেশে যেখানে অপরাধ দ্রুত ঘটে যায়, সেখানে প্রার্থীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত।
তিনি নির্বাচন কমিশনের প্রতি এই নিয়ম পুনর্বিবেচনা এবং প্রার্থীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার আহ্বান জানান।
