‘রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন শহীদ জিয়া, পূর্ণতা দিয়েছেন খালেদা’—রাষ্ট্রপতি
রেমিট্যান্স অর্থনীতির ভিত্তি জিয়াউর রহমান, পূর্ণতা দেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, আজকের বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তা পূর্ণতা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
শুক্রবার (১ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, জিয়াউর রহমান প্রবর্তিত ত্রিপক্ষীয় শ্রমনীতি ও সংস্কার শ্রমকল্যাণের ভিতকে শক্তিশালী করেছে। ১৯৭৬ সালে তিনি মিনিস্ট্রি অব ম্যানপাওয়ার প্রতিষ্ঠা করেন এবং মধ্যপ্রাচ্যসহ ৩৩টি দেশে বাংলাদেশি শ্রমিক পাঠানোর উদ্যোগ নেন। এই পদক্ষেপই বৈদেশিক মুদ্রা আয়ের নতুন দিগন্ত উন্মোচন করে।
তিনি আরও বলেন, খালেদা জিয়া ‘শ্রম আইন ২০০৬’ প্রণয়ন এবং শ্রম কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের অধিকার ও কল্যাণকে আরও বিস্তৃত করেন।
রাষ্ট্রপতি জানান, বর্তমান সরকার শ্রমজীবী মানুষের কল্যাণ, ন্যায্য অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।
তিনি বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে শ্রমিক আন্দোলন এবং সাম্প্রতিক ঘটনাগুলোতে শ্রমিকদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।
শিল্প-কারখানা, কৃষি, পরিবহন, গৃহকর্ম ও নির্মাণসহ সব খাতে শ্রমিকদের নিরলস পরিশ্রম দেশের অর্থনীতি এগিয়ে নিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
বিশেষ করে প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স এবং তৈরি পোশাক শিল্প দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস হিসেবে কাজ করছে।
তিনি আরও জানান, বন্ধ সরকারি শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।
