বিএনপি এখন একটা কৃত্রিম বিরোধ বা সংকট তৈরি করছে: নাহিদ ইসলাম
বিএনপি এখন একটা কৃত্রিম বিরোধ বা সংকট তৈরি করছে: নাহিদ ইসলাম
জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “বিএনপি এখন একটা কৃত্রিম বিরোধ বা সংকট সৃষ্টি করছে।” সংবিধান সংস্কার কমিশন ও গণভোট ইস্যুতে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং এমন একটি নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত যেখানে স্বৈরাচার বারবার ফিরে আসতে না পারে।
নাহিদ ইসলাম বলেন, “আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদের বিলোপ, আমরা চেয়েছিলাম নতুন সংবিধান। বিএনপি চেয়েছিল নির্বাচন। ফলে একটি সমঝোতার জায়গা তৈরি হয়।”
তিনি দাবি করেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই গণরায় অস্বীকার করা হয়েছে।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে ১১ দলীয় ঐক্য আয়োজিত ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “তারা বলছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু জুলাই আদেশকে অবৈধ বলছে।”
তিনি আরও বলেন, “জাতিকে বিএনপি দুর্যোগে টেনে এনেছে। এর পরিণতি খুব সহজ হবে না। বিএনপিকে এর দায়ভার ও পরিণতি ভোগ করতে হবে।”
দেশের স্বাস্থ্যব্যবস্থা ও চলমান সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষায়, হাম আক্রান্ত শিশুদের মৃত্যু, আইসিইউ সংকট এবং তেল সংকট দেশের জন্য গভীর উদ্বেগের বিষয়।
তিনি বলেন, “আমাদের দুর্ভাগ্য, রাষ্ট্র সংস্কারের যে আলোচনা গত দেড় বছর ধরে চলছিল, এখন আবার সেই একই বিষয় নিয়ে আন্দোলনের প্রস্তুতি নিতে হচ্ছে।”
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
