হরমুজে সমুদ্রের তলদেশের ইন্টারনেট ক্যাবল নিয়ে যে হুঁশিয়ারি দিল ইরান
হরমুজ প্রণালিতে সাবমেরিন ক্যাবল নিয়ে নতুন উদ্বেগ
হরমুজ প্রণালিতে সমুদ্রের তলদেশে থাকা ইন্টারনেট ক্যাবল ও ক্লাউড অবকাঠামোর মানচিত্র প্রকাশ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।
এই ঘটনাকে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর ডিজিটাল যোগাযোগব্যবস্থার ওপর একটি প্রচ্ছন্ন হুমকি হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি শুধু জ্বালানি পরিবহনের পথ নয়, বরং এটি সাবমেরিন ক্যাবলের একটি গুরুত্বপূর্ণ করিডর।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দুর্ঘটনাবশত বা ইচ্ছাকৃতভাবে একাধিক ক্যাবল ক্ষতিগ্রস্ত হলে পারস্য উপসাগর অঞ্চলে বড় ধরনের ইন্টারনেট বিভ্রাট দেখা দিতে পারে।
এই ক্যাবলগুলোর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের ইন্টারনেট সংযোগ পরিচালিত হয়।
এর আগেও লোহিতসাগরে সাবমেরিন ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে, যার ফলে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছিল। বিশ্লেষকদের মতে, এই ইস্যু এখন ভূরাজনৈতিক উত্তেজনার একটি নতুন মাত্রা যোগ করেছে।
