জুলাইকে ধারণ করলে বিনা তর্কে গণভোট মানতে হবে

জাতীয়

জুলাইকে ধারণ করলে বিনা তর্কে গণভোট মানতে হবে

স্টাফ রিপোর্টার | প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৬:১৬ | আপডেট: ১৭:০৩
Advertisement Space

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, “জুলাই বিপ্লবকে ধারণ করলে গণভোটকে বিনা বাক্যব্যয়ে এবং বিনা তর্কে মেনে নিতে হবে। এটাই জনগণের অভিপ্রায়। জনগণ ৭০ শতাংশ ভোট দিয়ে সেই অভিপ্রায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন।”

সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “গণভোটকে আমি আইনগত বা সাংবিধানিক তর্ক হিসেবে দেখতে চাই না। আমি এই গণভোট এবং জুলাই সনদকে জুলাই বিপ্লবের স্পিরিটে সবসময় দেখে এসেছি।”

মাহমুদুর রহমান আরও বলেন, গণভোটের আগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে তিনি লেখনী ও বক্তব্যের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন এবং বিপ্লবের চেতনাকে ধারণ করেই এ অবস্থান নিয়েছেন।

তিনি মন্তব্য করেন, “যারা আজকে গণভোটকে দুর্বল করার চেষ্টা করছেন কিংবা আইনি তর্ক তুলছেন, তারা আসলে কতটা জুলাই বিপ্লবকে ধারণ করেন, তা নিয়ে সন্দেহ আছে।”

রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, যারা জীবন দিয়ে বিপ্লব করেছেন তাদের অন্যতম দাবি ছিল রাষ্ট্র মেরামত। সেই সংস্কার সরকার পরিচালনা ও সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়েই বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, “এদেশের মালিক জনগণ এবং জনগণের ইচ্ছাতেই এই দেশ পরিচালিত হবে। আর জনগণের ইচ্ছায় দেশ পরিচালিত হতে হলে গণভোটের রায় আমাদের সবাইকে মেনে নিতে হবে।”

তরুণদের ভূমিকাকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণরা যে রাজতান্ত্রিক ও স্বৈরাচারী প্রবণতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তা ভবিষ্যতেও দেশের গণতান্ত্রিক ধারাকে রক্ষা করবে।

সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “কোনো কুতর্ক না করে গণভোটে জনগণের যে ইচ্ছার প্রতিফলন হয়েছে, সেই ইচ্ছা মেনে নিন।”

Next News Previous News