প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মানবিক চিকিৎসক কামরুল
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মানবিক চিকিৎসক কামরুল
রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন মানবিক চিকিৎসক ডা. কামরুল ইসলাম।
শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গতকাল রাজনৈতিক পরিচয় দিয়ে মঈন উদ্দিন নামের এক ব্যক্তির চাঁদাবাজি ও অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে দ্রুত রাজনৈতিক পদক্ষেপ নেওয়ায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি তিনি কৃতজ্ঞ।
ডা. কামরুল ইসলাম জানান, গত ৫ আগস্টের পর থেকে মঈন উদ্দিন নিজেকে যুবদলের কর্মী ও কমিশনার প্রার্থী পরিচয় দিয়ে তার পরিচালিত হাসপাতালে বিভিন্ন সরবরাহ কাজ নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন।
তিনি আরও বলেন, সরবরাহ কাজের নামে অত্যন্ত বেশি দামে চার্জ নির্ধারণ করে রোগীদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছিল। হাসপাতালের স্বচ্ছতা ও নিয়মনীতি বজায় রাখতে এ অনিয়ম বন্ধ করা হলে অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে হুমকি দিতে থাকেন।
শুক্রবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে লোকজন জড়ো করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হয় বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ডা. কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতাল গত ১৭ বছরে দুই হাজারের বেশি কিডনি প্রতিস্থাপন করেছে। এছাড়া রোগী ও কর্মীদের জন্য প্রতিদিন তিন বেলা বিনামূল্যে খাবারের ব্যবস্থাও রয়েছে।
এ ঘটনায় কেন্দ্রীয় যুবদল ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত সক্রিয় হয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
