ইরান নিয়ে ট্রাম্পের বক্তব্যকে মিথ্যা বললেন গালিবাফ
ট্রাম্পের ‘৭ দাবি’ মিথ্যা: হরমুজ ইস্যুতে কড়া জবাব ইরানের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে যে সাতটি দাবি করেছেন, সেগুলোর সবই মিথ্যা বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পের একাধিক মন্তব্য উল্লেখ করে তিনি বলেন, এই মিথ্যা দিয়ে তারা যুদ্ধেও জয়ী হয়নি এবং আলোচনাতেও কোনো অগ্রগতি করতে পারবে না।
গালিবাফ বলেন, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি পুরোপুরি খোলা থাকবে না। প্রণালি দিয়ে জাহাজ চলাচল নির্ধারিত রুট অনুসারে এবং ইরানের অনুমোদনের ভিত্তিতেই পরিচালিত হবে।
এর আগে ট্রাম্প দাবি করেন, ইরান হরমুজ প্রণালি খুলে দিতে এবং কখনোই আর বন্ধ না করতে সম্মত হয়েছে। একইসঙ্গে তিনি বলেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে।
ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরান ইতোমধ্যে সমুদ্র মাইন অপসারণ করেছে বা করছে।
তবে এসব দাবির বিপরীতে ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, বাস্তব পরিস্থিতির সঙ্গে এসব বক্তব্যের মিল নেই এবং এটি রাজনৈতিক প্রচারণার অংশ হতে পারে।
