ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তরিকুল
ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তরিকুল
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের সংগ্রামে কুমিল্লার জনগণের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ও যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম।
সোমবার ১৩ এপ্রিল দুপুরে কুমিল্লা নজরুল ইনস্টিটিউটে এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বের বড় অংশই ছিল কুমিল্লার সন্তানদের হাতে। তাদের সাহসী ও অকুতোভয় ভূমিকার ফলেই দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা বিশ্বাস করি, সব স্তরে গেঁথে থাকা ফ্যাসিবাদকে পরাজিত করে একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ।
বর্তমান নগর সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, কুমিল্লা শহর আজ অপরিকল্পিত নগরীতে পরিণত হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা, বাজার ব্যবস্থাপনা, আবাসন সংকট ও জননিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা দিন দিন প্রকট হচ্ছে।
তিনি জানান, নগরবাসীর প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে তাদের সমস্যার কথা শুনে সমাধানের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয়, জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।
