ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
আমার দেশ অনলাইন: বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং তেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, তেলের দাম “একফোঁটাও” বাড়বে না।
সোমবার (৯ মার্চ) ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আতঙ্কিত কেনাকাটার কারণে সাময়িক চাপ
মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বাজারে যে সংকটের কথা শোনা গেছে, তার মূল কারণ হলো কিছু মানুষের আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা করা। এর ফলে সাময়িকভাবে কিছু এলাকায় সরবরাহের ওপর চাপ তৈরি হয়েছে।
তিনি জানান, বিভিন্ন গণমাধ্যমে কোথাও কোথাও ভোজ্যতেলের সংকট বা লিটারে দুই টাকা বেশি দামে বিক্রির খবর প্রকাশ পাওয়ার পর পরিস্থিতি পর্যালোচনার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আমদানিকারক ও রিফাইনারি মালিকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাজারে পর্যাপ্ত ভোজ্যতেল মজুত রয়েছে।
সংকট নেই—মন্ত্রী
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “আমরা পরিস্থিতি পর্যালোচনা করেছি। বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কোথাও কোথাও ভোক্তাদের আতঙ্কিত হয়ে বেশি কেনার কারণে কিছু দোকানে সাময়িকভাবে মজুত শেষ হয়ে যেতে পারে।”
তিনি ভোক্তাদের উদ্দেশে বলেন, আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনার কোনো প্রয়োজন নেই। বাজারে পর্যাপ্ত পণ্য রয়েছে। অযথা প্রতিযোগিতা করলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারে।
জ্বালানি তেল, গ্যাস বা ভোজ্যতেলে সংকট নেই
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মতো ভোজ্যতেলের ক্ষেত্রেও কোনো সংকট নেই। জ্বালানি তেল, গ্যাস বা ভোজ্যতেল—কোনোটিতেই সংকট নেই। তাই এসব পণ্যের সঙ্গে ‘সংকট’ শব্দটি যুক্ত করে অযথা বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি।
বাজারে নজরদারি বাড়ানো হবে
বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি করছে এবং জেলা প্রশাসনও নিয়মিত অভিযান পরিচালনা করবে।
বাজারে কোনো ধরনের অনিয়ম দেখা গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
