লঞ্চের ধাক্কায় স্পীডবোট উল্টে পুলিশ কনস্টেবল নিখোঁজ, আহত ৫

ভোলায় মৎস্য অভিযানে স্পিডবোট উল্টে কনস্টেবল নিখোঁজ
দেশজুড়ে

ভোলার লালমোহনে মৎস্য অভিযানে স্পিডবোট উল্টে পুলিশ কনস্টেবল নিখোঁজ

স্টাফ রিপোর্টার

ভোলার লালমোহনে মৎস্য রক্ষা অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় স্পিডবোটে থাকা মৎস্য অভিযান টিমের আরও পাঁচ সদস্য আহত হয়েছেন। তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৮টার দিকে লালমোহনের মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ পুলিশ কনস্টেবলের নাম মো. ফখরুল ইসলাম।

লঞ্চের পেছনের প্রপেলারের ধাক্কায় স্পিডবোট উল্টে গেলে পানিতে পড়ে যান অভিযানে থাকা সদস্যরা।

জানা গেছে, ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা থেকে চরফ্যাশনের বেতুয়াঘামী এমভি কর্ণফুলী-১২ লঞ্চ সন্ধ্যা ৭টার দিকে মঙ্গলসিকদার লঞ্চঘাটে পৌঁছায়। একই সময়ে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মার্চ ও এপ্রিল—এই দুই মাস মাছ ধরা নিষিদ্ধ থাকার বিষয়টি মনিটরিং করতে উপজেলা মৎস্য অফিসের সদস্যরা স্পিডবোটে করে অভিযানে যাচ্ছিলেন।

অভিযান টিমে লালমোহন মৎস্য অফিসের অফিস সহকারী আব্বাস উদ্দিন, ক্ষেত্র সহকারী মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম সোহাগ এবং পুলিশের তিনজন কনস্টেবল ছিলেন।

দুর্ঘটনার পর পাঁচজন সাঁতরে পানিতে ভেসে থাকলে তাদের উদ্ধার করা সম্ভব হলেও একজন কনস্টেবল নিখোঁজ রয়েছেন।

লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম এবং মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এরশাদ উকিল জানান, নিখোঁজ মো. ফখরুল ইসলাম মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল।

ঘটনার পর কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে নেমে তল্লাশি অভিযান চালাচ্ছে। নিখোঁজ ফখরুল ইসলামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।

Next News Previous News