বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না : মঈন খান

বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না : মঈন খান

জেলা প্রতিনিধি, নরসিংদী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না; বিএনপি জনগণের জন্য রাজনীতি করে।

সোমবার (৯ মার্চ) নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নরসিংদী স্টেডিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভূমিকা

ড. মঈন খান বলেন, দীর্ঘ সংগ্রাম ও ছাত্র-জনতার বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। এই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি।

তিনি আরও বলেন, এই আন্দোলনে নেতৃত্ব ও দিকনির্দেশনা দিয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে।

তিনি বলেন, এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং সেই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।

আগামী পাঁচ বছরের পরিকল্পনা

মঈন খান বলেন, আগামী পাঁচ বছরে সরকার সামাজিক সুশৃঙ্খলা, মানুষের মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক মুক্তিসহ জনগণের সব অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করবে।

নেতাদের বক্তব্য

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, নরসিংদী জেলা বিএনপি একটি ঐক্যবদ্ধ পরিবার। দলের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব বা সংঘাত নেই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীসহ সারা দেশকে এগিয়ে নেওয়া হবে এবং জনগণের কল্যাণে কাজ করা হবে। নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিতি

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী-এর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন খায়রুল কবির খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক, জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীনসহ বিএনপির জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় তিন হাজার নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।

Next News Previous News