সেই সময়ের ঘোষণাকে অনেকেই ভ্যাংচি কেটে উপহাস করেছিলেন
রংপুর, বাংলাদেশ – গঙ্গাচড়া উপজেলার রমাকান্ত এলাকায় তিস্তা ডানতীর বাঁধ সংলগ্ন স্থানে রমাকান্ত পাইপ সুইচ পুনর্বাসন এবং ৫.৪০ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি (পঞ্চগড়-০২)। বুধবার (১৮ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই প্রকল্পের উদ্বোধন করেন।
প্রকল্পের গুরুত্ব ও স্থানীয় প্রভাব
প্রতিমন্ত্রী বলেন, পানি উন্নয়ন বোর্ডের আওতায় বাস্তবায়িত এই খাল পুনঃখনন প্রকল্প এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উল্লেখ করেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে, যা প্রায় ১২ লাখ কৃষককে উপকৃত করেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, “সরকার গঠন করলে মা-বোনদের স্বনির্ভর করতে ফ্যামিলি কার্ড চালুর যে ঘোষণা দেওয়া হয়েছিল, সেটিও বাস্তবায়ন করা হয়েছে। সেই সময়ের ঘোষণাকে অনেকেই ভ্যাংচি কেটে উপহাস করেছিলেন, কিন্তু বর্তমান সরকার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এবং গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রংপুর-এর নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাসার, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর সবুর, উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করীম, নোহালী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান, মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকল্পের লক্ষ্য ও কার্যকারিতা
এ প্রকল্প Adaptation Initiative for Climate Vulnerable Offshore Small Islands and Riverine Char Land in Bangladesh এর আওতায় বাস্তবায়িত হচ্ছে। এর অংশ হিসেবে গজঘন্টা ইউনিয়নে ৫.৪০ কিমি খাল পুনঃখনন এবং রমাকান্ত পাইপ সুইচ পুনর্বাসন করা হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রংপুর-এর তত্ত্বাবধানে প্রকল্পটি আগামী ৩০ জুনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্থানীয়রা আশা করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয় কৃষি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Source: Adaptation Initiative for Climate Vulnerable Offshore Small Islands and Riverine Char Land in Bangladesh Project, Bangladesh Water Development Board, Rangpur
