বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনায় মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বিরোধিতা ও যৌক্তিকতার প্রশ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই রাষ্ট্রপতিই ৫ ও ৬ আগস্ট বিরোধী দলের সঙ্গে আলোচনা করেছেন এবং তার কাছেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন। তাদের দু-একজন এই সংসদেও আছেন। তাহলে এখন এই বিরোধিতা কেন?”

তিনি আরও বলেন, যে রাষ্ট্রপতির সঙ্গে তারা ৫ আগস্ট বিকেল ও ৬ আগস্ট আলাপ-আলোচনা করেছেন, এবং যাদের উপস্থিতিতে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে–সেই রাষ্ট্রপতিকে কেন অস্বীকার করা হচ্ছে, এটি বিরোধী দলকে নিজেই ব্যাখ্যা করা উচিত।

ওয়াকআউটকে স্বাভাবিক গণতান্ত্রিক সংস্কৃতি হিসেবে উল্লেখ

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদীয় গণতন্ত্রে ওয়াকআউটকে স্বাভাবিক সংস্কৃতি হিসেবে উল্লেখ করে বলেন, “গণতান্ত্রিক কালচারে এটি নতুন কোনো ঘটনা নয়; তারা এটি করতেই পারেন।”

সংসদের কার্যকারিতা

সংসদ কেমন হবে–এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “অবশ্যই সংসদ অর্থবহ হবে। এটি জাতীয় সব সমস্যা ও ইস্যুর আলোচনার কেন্দ্রবিন্দু হবে। আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের পথে হাঁটব। ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, সেই ঐক্য আমরা ধরে রাখব এবং জাতীয় যে কোনো ইস্যুতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব।”

ওয়াকআউটের পেছনের ঘটনা

এর আগে বিকেলের অধিবেশনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার আহ্বান জানানোর পর জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধীদলীয় সদস্যরা ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘গণতন্ত্র চাই, ফ্যাসিজম নয়’–এমন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ শুরু করেন। হট্টগোলের একপর্যায়ে তারা সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন।

Source: আমার দেশ অনলাইন, ১২ মার্চ ২০২৬

Next News Previous News