টাইগারদের ইতিহাস গড়ার সুযোগ, ক্যান্ডিতে সিরিজ নির্ধারণী ম্যাচ আজ

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ এখন জমজমাট সমতায়। দুই ম্যাচ শেষে স্কোরলাইন ১-১, ফলে আজ ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে যাচ্ছে 'ফাইনাল' লড়াই। জয়ী দলই ঘরে তুলবে সিরিজ ট্রফি, আর বাংলাদেশের জন্য এটা হতে পারে লঙ্কান মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের ঐতিহাসিক মুহূর্ত।

বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হবে। পাল্লেকেলের উইকেট ব্যাটিংবান্ধব হওয়ায় বড় রানের সম্ভাবনাই বেশি। তাই আগে ব্যাট করতে নামলে টাইগারদের লক্ষ্য রাখতে হবে শক্তিশালী স্কোর গড়ার দিকে।

তবে ম্যাচের আগে কিছু চ্যালেঞ্জও সামনে এসেছে। ইনজুরিতে থাকা নাজমুল হোসেন শান্ত শেষ পর্যন্ত খেলতে না পারলে দলে জায়গা পেতে পারেন ফর্মে থাকা বাঁহাতি ব্যাটার নাঈম শেখ। একইসঙ্গে ফিট হয়ে ফেরা পেসার তাসকিন আহমেদের একাদশে ফেরার সম্ভাবনাও জোরালো।

দলের ভারসাম্য নিয়ে টিম ম্যানেজমেন্ট রয়েছে কিছুটা চিন্তায়। ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়া শামীম পাটোয়ারিকে রেখে দেওয়া হতে পারে, যার ফলে ছন্দহীন লিটন দাসের জায়গা পাওয়া অনিশ্চিত। স্পিন বিভাগেও চলছে 'মধুর ঝামেলা'। প্রথম ম্যাচেই পাঁচ উইকেট নেওয়া তানভীর ইসলামের একাদশে থাকা প্রায় নিশ্চিত। মিরাজের পারফরম্যান্স কিছুটা ব্যাকফুটে থাকলেও, “ক্যাপ্টেন্স কোটায়” তাঁর খেলা অনেকটাই নিশ্চিত বলেই ধরা হচ্ছে।

এদিকে উইকেট যদি পেস সহায়ক হয়, তবে দুই পেসার খেলানোর পরিকল্পনায় রিশাদ হোসেনের ফেরার সুযোগ তৈরি হতে পারে। আবার প্রয়োজন পড়লে শামীমকেই অতিরিক্ত স্পিনার হিসেবে ব্যবহার করতে পারে দল। তবে ব্যাটিং সহায়ক পিচে স্পিন বিভাগে চাই অভিজ্ঞতা ও ধারাবাহিকতা।

পরিসংখ্যানে চোখ রাখলে বোঝা যায়, শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের চ্যালেঞ্জ কতটা কঠিন। দ্বিপাক্ষিক সিরিজে ১০টির মধ্যে মাত্র দুটি জিতেছে বাংলাদেশ—দুটিই নিজেদের মাঠে। আর লঙ্কানদের বিপক্ষে মোট ৫৯টি ওয়ানডে খেলে জিতেছে মাত্র ১৩টিতে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত/নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ক্রিকেটপ্রেমীরা আজ তাকিয়ে থাকবেন ক্যান্ডির দিকে—সামনে কি ইতিহাস গড়বে বাংলাদেশ? আপনার মত কী—টাইগাররা কি পারবে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতে আসার স্বপ্ন পূরণ করতে?

Next News Previous News