টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশ, আজ মুখোমুখি শ্রীলঙ্কা

ওয়ানডে ও টেস্ট সিরিজে হারের হতাশা ভুলে এবার চ্যালেঞ্জ টি-টোয়েন্টি ফরম্যাটে। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ইতিবাচকভাবে সিরিজ শেষ করার লক্ষ্যেই মাঠে নামছে বাংলাদেশ দল।

টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকছেন লিটন দাস। ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে না খেলা লিটন এই সিরিজে সামনে থেকে নেতৃত্ব দিবেন। তবে বাংলাদেশ দলের সাম্প্রতিক টি-টোয়েন্টি ফর্ম উদ্বেগজনক। সর্বশেষ পাঁচ ম্যাচে টানা হার টাইগারদের। যদিও গত বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি সিরিজ জিতেছিল দলটি। কিন্তু এরপর সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হার এবং পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হতাশা আরও বাড়িয়ে তোলে।

তবে আশার খবর হচ্ছে, এবার পূর্ণ শক্তির পেস আক্রমণ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তাসকিন আহমেদের নেতৃত্বে পেস ইউনিট সাম্প্রতিক সময়েই ভালো করেছে। তবে ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা দলের সামগ্রিক পারফরম্যান্সে ছায়া ফেলছে।

এই সিরিজ দিয়েই জাতীয় দলে ফিরছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তাকে দলে নেওয়ার বিষয়ে অধিনায়ক লিটন দাস বলেন, “আমার মনে হয় বাংলাদেশ অনেকদিন ধরেই একটা অলরাউন্ডার মিস করছিল। যদিও সাকিবকে আমরা সেই জায়গায় ব্যবহার করার চেষ্টা করছি।”

প্রথম ম্যাচের আগের সংবাদ সম্মেলনে লিটনের কণ্ঠে আত্মবিশ্বাস— “টি-টোয়েন্টি সিরিজ টি-টোয়েন্টি সিরিজের জায়গায় আছে। আলাদা ফরম্যাট। সবাই জানি এই ফরম্যাটে কীভাবে খেলতে হয়, সেটাই চেষ্টা করব। অবশ্যই চেষ্টা করব ছন্দে ফেরার। তবে সহজ হবে না। তারা তাদের হোম কন্ডিশনে বেটার সাইড। আমরা চেষ্টা করব আমাদের ১০০% ক্রিকেট খেলার। বাকিটা দেখা যাক।”

শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কাও মনে করেন, এটি হবে একটি প্রতিযোগিতামূলক সিরিজ। তাঁর ভাষায়, “আমি আশা করছি প্রতিযোগিতামূলক সিরিজ হবে। বাংলাদেশ দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। আমি আশা করি ভালো রকমের প্রতিযোগিতামূলক একটি সিরিজ হবে।”

ফেভারিট ভাবছেন কি না— এমন প্রশ্নে আসালাঙ্কা বলেন, “না, আমি এভাবে চিন্তা করি না। তারা টি-টোয়েন্টিতে অনেক ভালো দল। আমাদের মত তারাও তরুণ দল। আমার মনে হয় না আমরা অনেক এগিয়ে আছি। আমাদের জন্য কঠিন সিরিজ হবে। পাল্লেকেলে, ক্যান্ডিতে যেমন পিচ হয়, সেরকম পিচই মনে হচ্ছে। ১৮০ এর বেশি রান হবে বলে আশা করছি।”

তবে শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা হলো, অভিজ্ঞ অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন। তৃতীয় ওয়ানডে ম্যাচে চোট পাওয়ার কারণে তিনি টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে পারছেন না।

টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দলের ১৭ বারের মুখোমুখিতে বাংলাদেশ জয় পেয়েছে ৬টিতে, হেরেছে ১১টিতে। বাংলাদেশ এখন পর্যন্ত মাত্র সাতবার ২০০ বা তার বেশি রান তুলতে পেরেছে, যার মধ্যে দুটি এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে।

বাংলাদেশ স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

শ্রীলঙ্কা স্কোয়াড:

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্দো, ঈশান মালিঙ্গা।

টি-টোয়েন্টি সিরিজে আজকের ম্যাচেই কি ঘুরে দাঁড়াতে পারবে টাইগাররা? নাকি শ্রীলঙ্কার হোম কন্ডিশনে আবারও মুখ থুবড়ে পড়বে বাংলাদেশের সম্ভাবনা? আপনার মতামত কী?

Next News Previous News