আবারও ভারতে ভাঙা হলো মসজিদ ও মাজার

গুজরাটে তিন মসজিদসহ ৩০ স্থাপনা উচ্ছেদ, উদ্বেগ প্রকাশ জমিয়ত উলামা-ই-হিন্দের

ভারতের গুজরাট রাজ্যের কুচ জেলায় প্রশাসনের উচ্ছেদ অভিযানে তিনটি মসজিদ, কয়েকটি মাজারসহ মোট ৩০টি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে মুসলিম সংগঠন জমিয়ত উলামা-ই-হিন্দ।

সোমবার (৩০ জুন) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অভিযানে মোট ৩০টি স্থাপনা অপসারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১১টি ধর্মীয় স্থাপনা, ১৭টি বাণিজ্যিক ভবন এবং দুটি আবাসিক স্থাপনা।

ঘটনার পর জমিয়ত উলামা-ই-হিন্দের একটি প্রতিনিধি দল কুচ জেলা পরিদর্শন করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাওলানা হাকিমুদ্দিন কাশমী। তিনি অভিযোগ করেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই মসজিদগুলো ভেঙে ফেলা হয়েছে। এ বিষয়ে প্রশাসনের কাছে ব্যাখ্যা চাওয়া হলেও সন্তোষজনক জবাব পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

উচ্ছেদ হওয়া স্থাপনাগুলোর মধ্যে ঐতিহাসিক জুনা কান্দলা মসজিদও রয়েছে। মসজিদের খাদেমের দাবি, হঠাৎ অভিযান চালিয়ে মসজিদটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের আটক করার হুমকি দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, ১৯৬৫ সাল থেকে জুনা কান্দলা মসজিদটি ওয়াকফ সম্পত্তি হিসেবে নিবন্ধিত ছিল এবং এর ঐতিহাসিক ও স্থাপত্যগত গুরুত্ব ছিল।

মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ সামার অভিযোগ করেন, উচ্ছেদের সময় প্রশাসনের সঙ্গে কথা বলার এবং মসজিদের কাছে যাওয়ার চেষ্টা করা হলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের সেখানে যেতে দেয়নি।

প্রতিবেদন অনুযায়ী, আদিপুর এলাকার আরও একটি মসজিদও একই অভিযানে ভেঙে ফেলা হয়েছে।

এদিকে প্রশাসনের এক কর্মকর্তা জানান, অভিযানে মোট ৩০টি অবকাঠামো অপসারণ করা হয়েছে। এর মধ্যে ১১টি ধর্মীয় স্থাপনা, ১৭টি বাণিজ্যিক ভবন এবং দুটি আবাসিক স্থাপনা রয়েছে। তবে উচ্ছেদের বিষয়ে পূর্ব নোটিশ দেওয়া হয়েছিল কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

Next News Previous News