সামরিক ঘাঁটিতে পারমাণবিক শক্তি উৎপাদনের পথে আরও এগিয়ে গেল যুক্তরাষ্ট্র
মার্কিন সামরিক বাহিনীর জন্য ক্ষুদ্র পারমাণবিক চুল্লি (মাইক্রোরিঅ্যাক্টর) তৈরি করা স্টার্টআপ কোম্পানি Antares তাদের প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনের ঘোষণা দিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, তাদের “Mark-0” প্রোটোটাইপ সফলভাবে “Initial Criticality” অর্জন করেছে।
পারমাণবিক প্রযুক্তিতে “ইনিশিয়াল ক্রিটিক্যালিটি” বলতে এমন একটি অবস্থাকে বোঝায়, যখন চুল্লির ভেতরে নিয়ন্ত্রিত ও স্বয়ংক্রিয়ভাবে চলমান নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া শুরু হয়। এটি বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় মৌলিক ধাপগুলোর অন্যতম।
অ্যান্টারেসের দাবি, ক্ষুদ্র পারমাণবিক চুল্লির ক্ষেত্রে এই পর্যায়ে পৌঁছানো প্রথম বেসরকারি প্রতিষ্ঠান তারাই। বিশ্বের বিভিন্ন দেশ বর্তমানে কম-কার্বন জ্বালানি উৎপাদনের লক্ষ্যে ছোট আকারের পারমাণবিক চুল্লি প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াচ্ছে।
মার্ক-০ প্রকল্পটি মার্কিন জ্বালানি বিভাগের নির্বাচিত ১১টি মাইক্রোরিঅ্যাক্টর প্রকল্পের মধ্যে একটি। কর্মসূচির লক্ষ্য হলো চলতি বছরের ৪ জুলাইয়ের আগে একাধিক মডেলকে সফলভাবে ক্রিটিক্যালিটি পর্যায়ে পৌঁছে দেওয়া।
এই তারিখটি যুক্তরাষ্ট্রের জন্য বিশেষ গুরুত্ব বহন করে, কারণ দেশটি প্রতিষ্ঠার ২৫০তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে।
মার্কিন জ্বালানি সচিব Chris Wright এই অর্জনকে একটি “গুরুত্বপূর্ণ মাইলফলক” হিসেবে অভিহিত করেছেন এবং ক্ষুদ্র পারমাণবিক প্রযুক্তির ভবিষ্যৎ উন্নয়নের জন্য এটিকে ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।
