জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, যুদ্ধ অবসান নিয়ে মুখোমুখি আলোচনার জন্য জেলেনস্কির আহ্বান সত্ত্বেও এ ধরনের বৈঠকের কোনো প্রয়োজন তিনি দেখছেন না।

এর আগে বৃহস্পতিবার (৪ জুন) জেলেনস্কি একটি খোলা চিঠিতে পুতিনকে সরাসরি আলোচনার আহ্বান জানান। চিঠিতে তিনি বলেন, ২০২২ সালে শুরু হওয়া যুদ্ধকে আন্তর্জাতিক মনোযোগের বাইরে যেতে দেওয়া উচিত নয়। একই সঙ্গে তিনি যুদ্ধবিরতিরও আহ্বান জানান।

পুতিন ওই চিঠিকে “অমার্জিত” বলে উল্লেখ করে বলেন, যুদ্ধবিরতির আগে শান্তি আলোচনা হওয়া উচিত। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক ফোরামে তিনি বলেন, “এই মুহূর্তে আমি এর কোনো প্রয়োজন দেখছি না।”

তিনি আরও বলেন, “এটি কি সত্যিই মুখোমুখি বৈঠকের পরিবেশ তৈরির চেষ্টা ছিল, নাকি এমন একটি পদক্ষেপ যাতে বৈঠক না হয়? আমার মনে হয় দ্বিতীয়টিই সঠিক।”

পুতিনের মন্তব্যের জবাবে জেলেনস্কি বলেন, “রাশিয়া আবারও যুদ্ধকেই বেছে নিচ্ছে।” সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তিনি লেখেন, “তিনি (পুতিন) যুদ্ধ শেষ করতে চান না। বিশ্বের অনেক মানুষই এই উত্তরে হতাশ হয়েছে বলে আমি মনে করি।”

পুতিন পুনরায় দাবি করেন, যুদ্ধবিরতি হলে ইউক্রেন নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের সুযোগ পাবে। তার মতে, মস্কোর উত্থাপিত শর্তগুলো এখনও পূরণ হয়নি।

তিনি বলেন, “আমাদের দরকার এমন একটি চুক্তি, যা তিন বা ছয় মাসের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদে কার্যকর হবে।”

পুতিন আরও বলেন, “বিশেষজ্ঞদের কাজ করতে দিন এবং একটি সমাধান খুঁজে বের করতে দিন। তারপর আমরা দেখা করতে পারি।”

Next News Previous News