ইরানে পালটা হামলা চালাল ইসরাইল

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা আঘাত ইসরাইলের, তেহরানসহ কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা সামরিক অভিযান চালিয়েছে ইসরাইল। দেশটির হামলায় ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

সোমবার (৮ জুন) ভোরের দিকে ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, তেহরানে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে ইসফাহান শহরেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, রাজধানী তেহরানের পাশাপাশি তাবরিজ ও ইসফাহান শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, পশ্চিম ও মধ্য ইরানে অবস্থিত সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা পরিচালনা করা হয়েছে। তবে কোন কোন স্থাপনা লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে রোববার রাতে ইসরাইলের বিভিন্ন স্থানের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। পর্যবেক্ষকদের ধারণা, সেই হামলার প্রতিক্রিয়াতেই ইসরাইল সর্বশেষ এই পাল্টা আঘাত হেনেছে।

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও রোববার লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান।

ইরানি বার্তা সংস্থা মেহের নিউজের খবরে বলা হয়েছে, তেহরানের বিভিন্ন এলাকায় ভোরের দিকে জোরালো বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইসরাইলে হামলার পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছিল, তারা আর যুদ্ধবিরতির লঙ্ঘন মেনে নেবে না। একইসঙ্গে ইসরাইলকে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে নতুন কোনো হামলা হলে তার আরও কঠোর জবাব দেওয়া হবে।

সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। আঞ্চলিক সংঘাত বিস্তৃত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক মহল পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।

Next News Previous News