শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আবারও আগুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) রাতে বিমানবন্দরের কার্গো এলাকায় আগুনের সূত্রপাত হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রাত ১১টা ২৪ মিনিটে বিমানবন্দরের ৯ নম্বর গেট সংলগ্ন কার্গো শেডের মালামাল সংরক্ষণস্থলে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার মাত্র তিন মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করেন।

দুটি ইউনিটের প্রচেষ্টায় রাত ১১টা ৩৮ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়া অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা প্রাথমিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে।

উল্লেখ্য, এর আগেও গত বছরের ১৮ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

Next News Previous News