পুরোনো বিতর্ক জিইয়ে রাখা স্বাধীনতার চেতনার বহিঃপ্রকাশ নয়’
একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়: গোলাম পরওয়ার
একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, পুরোনো বিতর্ক জিইয়ে রাখা দেশপ্রেম বা স্বাধীনতার চেতনার বহিঃপ্রকাশ নয়। সময়ের প্রয়োজনে দলটির গঠনতন্ত্র বহুবার পরিবর্তন করা হয়েছে।
বর্তমান গঠনতন্ত্রে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের বিষয়টি উল্লেখ রয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার (১ মে) সকালে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার আয়োজিত শ্রমিক সমাবেশ শেষে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, একটি মহল এখনো পুরোনো বিতর্ক জিইয়ে রাখতে চায়, যা জাতিকে বিভক্ত করার বিদেশি ষড়যন্ত্রের অংশ হতে পারে। দেশের স্বার্থে এসব বিতর্কের দ্রুত সমাধান প্রয়োজন।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ উপহার দিতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিতে হবে।
তার ভাষায়, “ইতিহাস নিয়ে পড়ে থাকলে আমরা কখনো ইতিহাস রচনা করতে পারবো না। স্বাধীনতার পরে জন্ম নেওয়া নতুন প্রজন্মকে পুরোনো পরিচয়ে বিচার করা উচিত নয়।”
