শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন: ববি হাজ্জাজ

জাতীয়
শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন: ববি হাজ্জাজ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পিএম
রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা মিলনায়তনে সেমিনারে বক্তব্য দেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: যুগান্তর

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আমাদের দেশে শিক্ষা নিয়ে অনেক কমিশন গঠিত হয়েছিল এবং নীতিমালা রয়েছে, কিন্তু শিক্ষার সঠিক মানোন্নয়ন সম্ভব হয়নি। কারণ, দেশের শিক্ষার কোনো সুস্পষ্ট ভিশন ছিল না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের জন্য একটি ভিশন নির্ধারণ করে দিয়েছেন। শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন।

রোববার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা মিলনায়তনে ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে রূপগঞ্জের শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও বাস্তবমুখী করে গড়ে তুলতে কাজ করছে। শুধু সনদনির্ভর শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী চিন্তা এবং কর্মমুখী সক্ষমতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারবে এবং দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

প্রতিমন্ত্রী বলেন, দেশে দক্ষ মানবসম্পদের অভাব রয়েছে। এজন্য গার্মেন্টসসহ বিভিন্ন খাতে বিদেশিরা চাকরি করছে এবং বেতন নিয়ে যাচ্ছে। অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারত দক্ষ জনশক্তি রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করছে।

দক্ষতার অভাবে দেশের ছেলে-মেয়েরা এসব পদে চাকরি পাচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি সংশ্লিষ্ট সকলকে দক্ষতাভিত্তিক শিক্ষার প্রসারে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Next News Previous News