যুদ্ধবিরতির পর স্থায়ী সমাধানের দিকে এগোচ্ছে লেবানন—প্রেসিডেন্ট

যুদ্ধবিরতি থেকে স্থায়ী সমঝোতার পথে লেবানন

যুদ্ধবিরতি থেকে স্থায়ী সমঝোতার পথে এগোচ্ছে লেবানন

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দেশটি এখন স্থায়ী সমঝোতার দিকে এগোচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবানন একটি নতুন ধাপে প্রবেশ করছে, যেখানে যুদ্ধবিরতি থেকে স্থায়ী চুক্তির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করা হবে।

“এটি যুদ্ধবিরতি থেকে স্থায়ী চুক্তির দিকে যাওয়ার সময়।”

তিনি বলেন, এই প্রক্রিয়ায় দেশের জনগণের অধিকার, জাতীয় ঐক্য এবং সার্বভৌমত্ব রক্ষা করা হবে।

জোসেফ আউন ইঙ্গিত দেন, লেবানন আর কোনো বাহ্যিক শক্তির প্রভাবাধীন হয়ে যুদ্ধক্ষেত্রে পরিণত হতে চায় না। তিনি বলেন, দেশটি এখন নিজস্ব সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা পুনরুদ্ধার করছে।

“আমরা আর কারও দাবার ঘুঁটি নই, কিংবা কারও যুদ্ধক্ষেত্র নই—এবং ভবিষ্যতেও হবো না।”

তিনি আরও জানান, লেবাননের প্রেসিডেন্ট এবং ইসরাইলের প্রধানমন্ত্রীকে শিগগিরই হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হতে পারে, যা কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত বহন করে।

যুদ্ধবিরতির আগে ওয়াশিংটনে দুই দেশের রাষ্ট্রদূতদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়, যা কয়েক দশকের মধ্যে প্রথম সরাসরি যোগাযোগ।

প্রেসিডেন্ট আউন জোর দিয়ে বলেন, ইসরাইলের সঙ্গে সরাসরি সংলাপ কোনো দুর্বলতা নয় এবং এতে দেশের সার্বভৌমত্ব বা জাতীয় স্বার্থে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

“কোনো চুক্তিই আমাদের জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করবে না এবং দেশের এক ইঞ্চি মাটিও ত্যাগ করা হবে না।”
Next News Previous News