শক্ত ঘুরে দাঁড়াল টাইগাররা: শ্রীলঙ্কার বিপক্ষে ৮৩ রানের রাজকীয় জয়
টানা হতাশার মাঝেও অবশেষে এক পশলা স্বস্তির জয় পেলো বাংলাদেশ দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৮৩ রানে গুঁড়িয়ে দিয়ে সিরিজে সমতা ফেরালো টাইগাররা। মাঠে যেমন দাপট, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও তেমনি আত্মবিশ্বাসী শামীম পাটোয়ারী।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে ১৭৭ রানের শক্তিশালী স্কোর। শেষদিকে মাত্র ২৭ বলে ৪৮ রানের টর্নেডো ইনিংস খেলেন শামীম পাটোয়ারী। লঙ্কানদের জবাবে প্রথম ওভারেই কুশল মেন্ডিসকে রান আউট করে দেন শামীম। এই রান আউটকেই অনেকে দেখছেন ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে শামীম বলেন, “হ্যাঁ অবশ্যই, এখন আমরা উইন করেছি, ১-১ হয়েছে এখন। ফিল্ডিংটা অনেক জরুরি আমাদের জন্য। এটা আসলে বেশি খুশি হওয়ার কিছু নেই। প্রতিদিনই এটা আমার জব।”
সিরিজ জয়ের লক্ষ্যে শামীম আরও জানান, “অবশ্যই ওয়ানডে সিরিজে আমরা হেরে গেছি। এখন ১-১ আছে। সিরিজ জেতার সুযোগ আছে আমাদের। আশা করি যদি ভালো করতে পারি অবশ্যই সিরিজটা জিততে পারব ইনশাল্লাহ। অবশ্যই (জেতার) আত্মবিশ্বাস সবসময় থাকে।”
ব্যাটিংয়ের ধরন নিয়েও খোলাখুলি কথা বলেন এই বাঁহাতি ব্যাটার। তাঁর ভাষায়, “আমি ব্যাটিংয়ে গেলে সবসময় আমার প্ল্যান থাকে ইতিবাচক থাকার। রিস্ক নিতেই হবে কারও না কারও। তো আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে রিস্কটা নিয়ে ফেলি। এবিডির ব্যাটিং পছন্দ করি সবসময়। আমি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করি। এই টি-টোয়েন্টি খেলাটাই যত বেশি ইতিবাচক থাকব আমি মনে করে তত ভালো।”
বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। ৯৪ রানেই গুটিয়ে যায় পুরো দল। বাংলাদেশের জয় ৮৩ রানের বিশাল ব্যবধানে, যা নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ের অন্যতম প্রভাবশালী পারফরম্যান্স।
সাম্প্রতিক আপডেট: ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচিং স্টাফ জানিয়েছেন, সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। কারণ বর্তমান কম্বিনেশনেই তাঁরা সন্তুষ্ট।
টানা সমালোচনার মুখে থাকা টাইগারদের জন্য এই জয় কতটা টার্নিং পয়েন্ট হবে, তা এখন দেখার বিষয়। দর্শকদের প্রশ্ন—এই ছন্দ ধরে রেখে কি সিরিজ জয়ে সফল হবে বাংলাদেশ?
